ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এ অংশ নিতে স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। তিনি শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও বিশ্ববিদ্যালয়ের গুণগত পরিবর্তনের লক্ষ্যে তার এই উদ্যোগের কথা জানিয়েছেন।
বুধবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে উমামা জানান, বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ থেকেই তিনি শিক্ষার্থীদের স্বার্থে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। বিশেষ করে বৈধ আবাসন সিট নিশ্চিতের দাবিতে গঠিত ‘বৈধ সিট আমার অধিকার’ প্ল্যাটফর্মের মাধ্যমে তার যাত্রা শুরু হয়েছিল।
ফেসবুক পোস্টে উমামা লেখেন, “এই বিশ্ববিদ্যালয়ের বহু সমস্যার সমাধান সম্ভব নয় কোনো বড় পরিবর্তন ছাড়া। সেই পরিবর্তন আনতে পারে কেবল শিক্ষার্থীরাই। এই পরিবর্তনের মাধ্যম হতে পারে একটি সংগঠিত, স্বাধীন ও বৈধ ছাত্রসংসদ।”
তিনি আরও বলেন, “ডাকসুতে আমরা এমন নেতৃত্ব গড়তে চাই যারা নিরপেক্ষ, নীতিনিষ্ঠ এবং শিক্ষার্থীদের পক্ষে অটল থাকবে। এ নেতৃত্ব কোনো দল বা পক্ষ দ্বারা প্রভাবিত হবে না। বরং গুণগত শিক্ষা, গবেষণাভিত্তিক চিন্তাভাবনা এবং সবার জন্য সমান সুযোগ তৈরির পক্ষে থাকবে।”
পোস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, যারা বিশ্ববিদ্যালয়ের জন্য নিষ্ঠাভরে কাজ করতে ইচ্ছুক এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে চান, তারা যেন তার স্বতন্ত্র প্যানেলে যোগ দেন।
প্যানেলে যোগ দিতে আগ্রহীদের একটি নির্ধারিত ফর্ম পূরণেরও অনুরোধ করেছেন উমামা ফাতেমা।
উল্লেখ্য, ডাকসু নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



















