আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।
সোমবার বিকেলে রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনেক জায়গায় ইতোমধ্যে অভ্যন্তরীণভাবে প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে।
উত্তরে সেলিম উদ্দিন
মিয়া গোলাম পরওয়ার জানান, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনেও জামায়াত অংশ নেবে। সাংগঠনিকভাবে দুই সিটিতেই প্রার্থী মনোনীত করা হয়েছে। সময়মতো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার আমির এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য।
সেলিম উদ্দিন এর আগে জামায়াতের ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।
দক্ষিণে প্রার্থী সাদিক কায়েম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সমন্বয়ক হিসেবে সাদিক কায়েম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। পরবর্তীতে ২০২৫ সালের সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হন।
এ ছাড়া ২০২৪ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং পরে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, দুই সিটি করপোরেশনের প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে যথাসময়ে ঘোষণা করা হবে।


















