রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট তৃতীয়বারের মতো খুলে দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু হয়।
বর্তমানে কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল।
আগাম সতর্কতামূলক ব্যবস্থা
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা গেছে, লেকে পানির উচ্চতা বাড়তে থাকায় রাঙামাটির বিভিন্ন এলাকায় বাড়িঘর প্লাবিত হচ্ছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, লেকের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।
১৬ জলকপাট ৬ ইঞ্চি করে খোলা
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে লেকের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট। পরিস্থিতি বিবেচনায় স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়েছে।
পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি।
ধারণক্ষমতার কাছাকাছি পানি
উল্লেখ্য, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। লেকের পানি দ্রুত বেড়ে যাওয়ায় সম্ভাব্য দুর্যোগ ও প্লাবন পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পানি নিষ্কাশন করছে।


















