নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনে অংশ নেওয়া কিংবা কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার নেই। আইন অনুযায়ী দলটির সভা-সমাবেশ করা বা দলীয় কার্যালয় খোলারও সুযোগ নেই।
‘নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ’
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত শাসনামলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা।
প্রতিমন্ত্রীর ভাষ্য, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। জনগণের রায়েই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।
দলীয় প্রতীক থাকছে না
মীর শাহে আলম আরও জানান, সংশোধিত আইন অনুযায়ী এবারের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন কিংবা জাতীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না।
বিভিন্ন কর্মসূচিতে প্রতিমন্ত্রী
এর আগে শিবগঞ্জের মোকামতলা উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুকূলে দুটি স্কুল বাস বিতরণ করেন তিনি।
এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















