সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত ৯ম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নতুন পে-স্কেলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক উপলক্ষে বিকেল সাড়ে ৪টা থেকেই মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে আসতে শুরু করেন। বিকেল ৫টার পরও দু-একজন প্রতিমন্ত্রীকে বৈঠকস্থলে প্রবেশ করতে দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো অনুযায়ী ১ জুলাই থেকেই নতুন মূল বেতন কার্যকর করার প্রস্তাব রয়েছে। তবে নতুন বেতন একসঙ্গে নাকি ধাপে ধাপে দেওয়া হবে, সে বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।
মন্ত্রিসভায় অনুমোদনের পর নতুন বেতন কাঠামোর বিষয়ে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। প্রজ্ঞাপন জারি করতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
২০১৫ সালে কার্যকর হওয়া সর্বশেষ বেতন কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বেতন গ্রেড-১-এ ছিল ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন গ্রেড-২০-এ ৮ হাজার ২৫০ টাকা। নতুন বেতন কাঠামোর প্রস্তাবে আগের তুলনায় গড়ে ১০০ শতাংশের বেশি বেতন বাড়ানোর কথা রয়েছে।
এর আগে অষ্টম জাতীয় বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে গঠিত কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।
নতুন পে-স্কেল বাস্তবায়ন হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনসহ বিভিন্ন আর্থিক সুবিধায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।


















