আর্সেনালের সঙ্গে দীর্ঘ সাত বছরের সম্পর্কের ইতি টেনে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে পাড়ি দেওয়ার পথে ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে প্রায় ৭০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে সমঝোতার কাছাকাছি পৌঁছে গেছে সৌদি ক্লাবটি। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে জানিয়েছে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক।
মার্তিনেল্লির জন্য চার বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে আল হিলাল। খেলোয়াড়টির ব্যক্তিগত শর্ত নিয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এ নিয়ে বড় কোনো জটিলতার আশঙ্কা নেই। আগামী সপ্তাহের শুরুতেই দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে মার্তিনেল্লি দেশ ছাড়তে পারেন।
এই চুক্তি সম্পন্ন হলে আর্সেনালের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রান্সফার ফিতে বিক্রি হওয়া খেলোয়াড়ের রেকর্ড গড়বেন মার্তিনেল্লি। বর্তমানে ক্লাবটির সর্বোচ্চ বিক্রির রেকর্ডটি অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইনের দখলে। ২০১৭ সালে ৩৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দিয়েছিলেন তিনি।


















