জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভাষণে তিনি বিশ্বনেতাদের প্রতি নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এরদোয়ান বলেন, “আজই সেই দিন, মানবতার খাতিরে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর দিন। গাজায় প্রতি ঘণ্টায় একটি করে শিশু নিহত হচ্ছে—এরা শুধু সংখ্যা নয়, এরা নিষ্পাপ মানুষ।”
তিনি গাজার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে বলেন, প্রতিদিন লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, ছোট ছোট শিশু হাত-পা হারাচ্ছে, ক্ষুধা ও ওষুধের অভাবে প্রাণ দিচ্ছে। তিনি আরও বলেন, “গণহত্যা আমাদের চোখের সামনেই ঘটছে, গণমাধ্যম সরাসরি সম্প্রচার করছে। অথচ বিশ্ব নীরব।”
ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা উল্লেখ করে এরদোয়ান বলেন, এটি কোনো যুদ্ধ নয়; সর্বাধুনিক অস্ত্র দিয়ে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। তিনি দাবি করেন, ইসরায়েল শুধু গাজা নয়, সিরিয়া, ইরান, ইয়েমেন ও লেবাননেও হামলা চালিয়ে আঞ্চলিক শান্তি হুমকির মুখে ফেলেছে।
তিনি অভিযোগ করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু শান্তি চান না, বরং গণহত্যা চালিয়ে যাচ্ছেন। ফিলিস্তিনকে ইতোমধ্যেই যারা স্বীকৃতি দিয়েছে তাদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও দেশকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।



















