সরকারি কাজে বাধা দেওয়া, কর্মকর্তাদের সঙ্গে দুব্যবহার কিংবা দলীয় পরিচয়ে মাস্তানি কোনোভাবেই সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। নিজের দলের লোক হলেও অপরাধীকে ছাড় না দিয়ে সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন তিনি। শনিবার (১৫ আগস্ট) মাগুরা জেলা অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে চেক এবং বাদ্যযন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ছড়িয়ে পড়লে কোনো সন্তানই নিরাপদ থাকবে না। তাই শিক্ষক, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে মাদকমুক্ত সমাজ গঠনে একসঙ্গে কাজ করতে হবে। এছাড়া বিগত সরকারের লুটপাট ও দুর্নীতি এবং শিক্ষকদের অর্থ আত্মসাতের কড়া সমালোচনা করেন তিনি। জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর হাতে বাদ্যযন্ত্র তুলে দেওয়া হয়।


















