গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার যে প্রচার চালাচ্ছেন, তার কড়া জবাব দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি স্পষ্ট হুশিয়ারি দিয়ে বলেন, “পলাতক ফ্যাসিস্ট বলে যে, ডিসেম্বর মাসে তারা দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষায় আছি। দেশে আসেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে।”
অনুষ্ঠানে ভাষণদানকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বিগত সরকারের শাসনকালের সমালোচনা করে বলেন, এত খুন, গুম, দুর্নীতি, অর্থ পাচার ও ‘আয়নাঘর’-এর মতো ভয়াবহ নির্যাতনের পরও আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম লজ্জাবোধ বা অনুশোচনা নেই। তিনি স্মরণ করিয়ে দেন যে, বর্তমান সরকারের অন্যতম ও প্রধানতম পবিত্র দায়িত্ব হলো জুলাই বিপ্লবের শহীদ পরিবারগুলোর দীর্ঘমেয়াদি দেখাশোনা করা এবং আহত, পঙ্গুত্ব বরণকারী ও দৃষ্টিশক্তি হারানো আন্দোলনকারীদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা।
নিজের ৮২ বছর বয়সেও দেশের জন্য যেকোনো ত্যাগ স্বীকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ বলেন, বুলেটের সামনে বুক পেতে দেওয়া বীর শহীদ আবু সাঈদের মতো সাহসিকতা বিশ্বের ইতিহাসে বিরল। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান দেশকে পুনর্গঠনের এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে উল্লেখ করে তিনি দেশের সকল রাজনৈতিক দল ও জনগণকে বিভাজন ভুলে ঐক্যবদ্ধভাবে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও মানবিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।


















