দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে প্রশিক্ষণ চলাকালে দেশটির সামরিক বাহিনীর দুটি বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন।
এনডিটিভির প্রতিবেদনে দেশটির বিমানবাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। এসএফ-২৬০ মডেলের একক প্রপেলারযুক্ত বিমান দুটি বিধ্বস্ত হয়।
ফিলিপাইনের বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান জানান, উভয় বিমানই বিমানঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় চার পাইলট নিহত হয়েছেন। তবে অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সাম্প্রতিক বছরগুলোতে ফিলিপাইনের সামরিক বাহিনীর বিমান নিয়ে বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটেছে। সর্বশেষ এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।


















