শনিবার , ২৩ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৩, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ

Spread the love

জাতীয় চেতনা ও আবহমান কালজয়ী বাঙালি জাতীয়তাবাদের প্রতীক, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন ও দর্শনকে বিশ্বদরবারে এবং নতুন প্রজন্মের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে আগামী এক বছরকে (২৫ মে, ২০২৬ থেকে ২৫ মে, ২০২৭ সাল পর্যন্ত) রাষ্ট্রীয়ভাবে ‘নজরুল বর্ষ’ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি মাঠে কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় স্মরণ সভার সমাপনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তিনি এই ঐতিহাসিক ঘোষণা দেন। প্রধানমন্ত্রী তাঁর দূরদর্শী বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ ও কবি কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা এবং তিনি আমাদের জাতীয় সত্তার সার্থক প্রতিনিধি; তাই একটি নিরাপদ, সাম্যবাদী ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন এবং সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের পুনরুজ্জীবনে নজরুলের সাম্যের দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক। কবির বাল্যস্মৃতিবিজড়িত ত্রিশালকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের ‘নজরুল সিটি’ হিসেবে রূপান্তর করা যায় কি না, সে বিষয়ে দ্রুত একটি বাস্তবসম্মত সম্ভাব্যতা যাচাই (Feasibility Study) করার জন্য তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে বিশেষ নির্দেশনা দেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জমকালো জাতীয় উৎসবে স্বাগত বক্তব্য দেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এবং মূল স্মারক প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিশিষ্ট অধ্যাপক তারিখ মনজুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কবির নাতনি ও নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খিলখিল কাজী, ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী, প্রধানমন্ত্রীর তথ্য, সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এছাড়া বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, সংস্কৃতি সচিব কানিজ মওলা এবং ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানসহ মন্ত্রিপরিষদের সদস্য ও স্থানীয় সংসদ সদস্যরা এই গৌরবময় আয়োজনে অংশ নেন। উদ্বোধনী পর্ব শেষে নজরুল গবেষণা এবং কবির জীবন-দর্শনের প্রসারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের দুজন প্রথিতযশা গুণী ব্যক্তিত্বের হাতে রাষ্ট্রীয় ‘নজরুল পদক ও সম্মাননা ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী এবং এরপর আনুষ্ঠানিকভাবে একটি বিশেষ ‘নজরুল স্মরণিকা’-র মোড়ক উন্মোচন করেন। পরিশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ দর্শক ও আমন্ত্রিত অতিথিদের সাথে অতিথি সারিতে বসে কবি নজরুলের কালজয়ী গান ও সাহিত্যের ওপর ভিত্তি করে নির্মিত দেশীয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

সর্বশেষ - অপরাধ