মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ সাতটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত ধাপে ধাপে মোট ৩৯১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আকাশসীমা বন্ধ রাখা দেশগুলোর তালিকায় রয়েছে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান।
বিমানবন্দর সূত্রের পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন গড়ে ২৮ থেকে ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছে। আজ ১১ মার্চ (০০০০ এলটি-এর পর) আরও ২৪টি ফ্লাইট বাতিলের তালিকায় যুক্ত হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, জাজিরা এয়ারওয়েজ এবং ফ্লাইদুবাইয়ের ৪টি করে ফ্লাইট রয়েছে। পরিস্থিতির অনিশ্চয়তার কারণে এয়ারলাইন্সগুলো তাদের পূর্বনির্ধারিত সূচি বজায় রাখতে হিমশিম খাচ্ছে।
তবে চরম সংকটের মধ্যেও কিছু ফ্লাইট সীমিত আকারে পরিচালনা বা পরিকল্পনায় রাখা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী মোট ৩৬৪টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পিত হয়েছে। বিশেষ করে আজ ১১ মার্চ ৩৯টি ফ্লাইট পরিকল্পনার তালিকায় রয়েছে, যার মধ্যে সৌদি আরবগামী ১৯টি, মাস্কাটগামী ৮টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ১২টি ফ্লাইট রয়েছে। আরব আমিরাতগামী ফ্লাইটগুলোর মধ্যে ৫টি দুবাই, ১টি আবুধাবি এবং ৬টি শারজাহর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং সেই অনুযায়ী ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আকাশপথ পুনরায় নিরাপদ ও উন্মুক্ত ঘোষণা করা হলে ফ্লাইট পরিচালনা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে। তবে বর্তমান পরিস্থিতির কারণে যাত্রীদের বিমানবন্দরে আসার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



















