জনসমুদ্রে তারেক রহমানের সংবর্ধনা লাখো মানুষের অভিবাদন ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে কুড়িল ফ্লাইওভার পেরিয়ে পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে’ পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে চড়ে সংবর্ধনাস্থলে যাওয়ার পথে রাস্তার দুপাশে অপেক্ষমাণ জনতা তাকে আবেগঘন সংবর্ধনা জানায়। প্রিয় নেতাকে একনজর দেখতে আসা মানুষের ঢলে পুরো এলাকা এক জনসমুদ্রে পরিণত হয়, যেখানে তারেক রহমানও হাত নেড়ে সবার শুভেচ্ছার জবাব দেন। সংবর্ধনা মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি বিএনপির স্বেচ্ছাসেবীরাও কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেছেন।



















