জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার নতুন করে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবে। বুধবার (৪ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যেহেতু শেখ হাসিনা ইতিমধ্যে আদালত কর্তৃক দণ্ডিত (কনভিক্টেড) হয়েছেন, তাই তাঁকে ভারত থেকে ফিরিয়ে আনা এখন একটি জরুরি আইনি প্রক্রিয়া।
চিফ প্রসিকিউটর আরও উল্লেখ করেন যে, পলাতক এই আসামিকে ফেরানোর জন্য প্রয়োজনীয় সব ধরণের আইনগত এবং কূটনৈতিক তৎপরতা চালানো হবে। সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ শুরু করবে। জুলাইয়ের ঘটনায় সংঘটিত অপরাধের বিচার নিশ্চিতে এবং আদালতের রায় বাস্তবায়নে দণ্ডিত ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রসিকিউশন বিভাগ। বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় কার্যকরের বিষয়ে সরকার বদ্ধপরিকর।



















