আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহারে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলার পরপরই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার কথা জানিয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি, ২০২৬) ভোর ৪টা ১৮ মিনিটে করা ওই পোস্টে তিনি উল্লেখ করেন, পাকিস্তান কূটনৈতিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক চেষ্টা করলেও তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও সশস্ত্র বাহিনীর এই প্রতিক্রিয়াকে ‘ব্যাপক ও চূড়ান্ত’ বলে অভিহিত করেছেন।
কাবুলে আল-জাজিরার সংবাদদাতা নাসের শাদিদ জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে পাকিস্তানি বাহিনী প্রথম দফায় বোমা বর্ষণ করে এবং পরে আবারও হামলা চালানো হয়। যদিও এখন পর্যন্ত এই হামলায় হতাহতের সুনির্দিষ্ট কোনো খবর পাওয়া যায়নি। মূলত গতকাল আফগান সীমান্ত বাহিনী পাকিস্তানের সামরিক অবস্থানে হামলা চালিয়েছিল, যাতে দুইজন পাকিস্তানি সেনা নিহত হন। সেই ঘটনার প্রতিশোধ হিসেবেই কাবুল ও কান্দাহারে এই পাল্টা হামলা চালাল ইসলামাবাদ।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এই উত্তেজনা গত কয়েক দিন ধরেই চরম আকার ধারণ করেছে। গত রবিবার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানি বাহিনীর হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর জানিয়েছিল জাতিসংঘ মিশন। যদিও পাকিস্তান দাবি করেছিল, ওই হামলায় ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। তালেবান সরকারের সামরিক মুখপাত্র মৌলভি ওয়াহিদুল্লাহ মোহাম্মদি গতকালই ‘প্রতিশোধমূলক অভিযান’ চালানোর ঘোষণা দিয়েছিলেন, যার রেশ ধরে আজ দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের পরিস্থিতি তৈরি হলো।



















