পেশাদারিত্ব রক্ষায় কঠোর বিধিনিষেধ আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি, ২০২৬) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের জন্য ২২ ধরনের কাজ থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর। নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে এবং কোনো ধরনের বিতর্কের ঊর্ধ্বে থাকতে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। সদর দপ্তর থেকে জানানো হয়েছে, যদি কোনো পুলিশ সদস্য এই নির্দেশাবলি অমান্য করেন, তবে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আচরণবিধি ও পক্ষপাতহীনতার নির্দেশ নির্দেশনা অনুযায়ী, পুলিশ সদস্যরা কোনো প্রার্থীর কাছ থেকে খাবার বা উপহার নিতে পারবেন না এবং তাঁদের সঙ্গে কোনো প্রকার ঘনিষ্ঠ আলাপচারিতা বা ছবি তুলতে পারবেন না। এমনকি রাজনৈতিক দল বা প্রতীকের পক্ষে-বিপক্ষে কোনো ব্যক্তিগত মতাদর্শ প্রকাশ করা বা সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, ইউটিউব ইত্যাদি) রাজনৈতিক কোনো পোস্ট, শেয়ার বা মন্তব্য করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ভোটকক্ষে প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া প্রবেশ করা বা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। পরিস্থিতি চরম অবনতি না হওয়া পর্যন্ত বলপ্রয়োগ বা লাঠিপেটা করার বিষয়েও সতর্কতা দেওয়া হয়েছে।
অশোভন আচরণ ও খাদ্যাভ্যাস নিয়ে কড়াকড়ি এবারের নির্দেশনায় পুলিশের ব্যক্তিগত ও সামাজিক আচরণের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা ফুটপাত বা টং দোকানে বসে সময় কাটাতে পারবেন না। এমনকি জনসমাগম স্থলে বাদাম, ভাপা পিঠা, চানাচুর বা জিলাপির মতো মুখরোচক খাবার খাওয়াও নিষিদ্ধ করা হয়েছে, যাতে পুলিশের ভাবমূর্তি ও গাম্ভীর্য বজায় থাকে। অপ্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার বা ব্যক্তিগত আলাপচারিতায় মশগুল হওয়া যাবে না এবং ভোট নিয়ে কোনো আগাম ভবিষ্যদ্বাণী বা ফলাফল বিশ্লেষণ করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
তথ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা নির্বাচন সংক্রান্ত কোনো সংবেদনশীল তথ্য বা ভিডিও ফুটেজ অফিশিয়াল অনুমোদন ছাড়া কাউকে পাঠানো যাবে না। স্পর্শকাতর ঘটনার ছবি তোলা বা শেয়ার করার ক্ষেত্রে কঠোর গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই ২২ দফা নির্দেশনার মূল উদ্দেশ্য হলো ভোটারদের মনে আস্থা তৈরি করা এবং একটি ভয়হীন, নিরপেক্ষ পরিবেশ উপহার দেওয়া। আইন-শৃঙ্খলার প্রতিটি সদস্যকে তাঁদের নির্ধারিত স্টেশনে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।



















