আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পবিত্রতা ও গোপনীয়তা রক্ষায় ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৬) রাতে জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে, ভোটকেন্দ্রের ৪০০ গজের ভেতরে সাধারণ ভোটার, প্রার্থী বা বহিরাগত কেউ মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না। এই নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোবাইল ফোন ব্যবহারের অনুমতি প্রাপ্ত ৩ শ্রেণি: ইসি জানিয়েছে, শুধুমাত্র নির্বাচন পরিচালনার স্বার্থে ও প্রযুক্তিগত যোগাযোগের প্রয়োজনে সীমিত পরিসরে তিন শ্রেণির কর্মকর্তা মোবাইল ফোন সাথে রাখতে পারবেন: ১. সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার। ২. কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ইনচার্জ। ৩. ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুই জন আনসার সদস্য (যাঁরা সরাসরি তথ্য আদান-প্রদান করবেন)।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এই চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, প্রিজাইডিং অফিসার ও পুলিশ ইনচার্জ ছাড়া অন্য কোনো পোলিং অফিসার বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও কেন্দ্রের ভেতরে ফোন ব্যবহার করতে পারবেন না। ভোটাররা কেন্দ্রে প্রবেশের আগেই মোবাইল ফোন বন্ধ করে বা বাইরে রেখে আসতে হবে। মূলত কেন্দ্র থেকে ভোটের গোপনীয় তথ্য বা ব্যালট পেপারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রোধ করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।



















