কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী জসীম উদ্দিনের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ১৫ সেকেন্ডের ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়—“আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে। আল্লাহকে যদি ফাঁকি দেন তাহলে এটা বিএনপির ওপরে, নেত্রী অসুস্থ—এই গজব আমাদের ওপরে পড়বে।” এই বক্তব্য ঘিরে অনলাইনে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার পর ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। জসীম উদ্দিন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব।
তথ্য অনুযায়ী, ঢাকাস্থ বুড়িচং–ব্রাহ্মণপাড়া পেশাজীবী পরিষদের উদ্যোগে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। সেখানেই তার দীর্ঘ বক্তব্যের একটি অংশ কেউ রেকর্ড করে অনলাইনে ছড়িয়ে দেন।
এ বিষয়ে জসীম উদ্দিন বলেন, তার মন্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি দাবি করেন, “আমি বলেছি—দল আমাকে ধানের শীষ দিয়েছে, এটা পবিত্র আমানত। ইমানি দায়িত্বে অবহেলা করলে আল্লাহর গজব হবে। ২৮ মিনিটের বক্তব্যের একটি অংশ কেটে নেতিবাচকভাবে প্রচার করা হচ্ছে।”
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, তিনি এখনো ভিডিওটি দেখেননি।



















