বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ রোববার (১৮ জানুয়ারি, ২০২৬) প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল ‘তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প’ এবং প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল’ প্রকল্প। চীনা রাষ্ট্রদূত জানান, তিনি অচিরেই তিস্তা প্রকল্প এলাকা সশরীরে পরিদর্শন করবেন এবং প্রকল্পের চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত সম্পন্ন করার বিষয়ে চীনের দৃঢ় প্রতিশ্রুতির কথা জানান।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় চীন সরকারের অব্যাহত সমর্থনের কথা পুনরায় উল্লেখ করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য শুভকামনা জানান। দুই দেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বের প্রশংসা করে তিনি বলেন, চীন বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার প্রতি শ্রদ্ধাশীল। বৈঠক শেষে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং স্বাস্থ্য ও অবকাঠামোসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।



















