বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দলীয় সূত্র জানায়, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হতে পারে। দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে উন্মুক্ত ও বৃহৎ স্থান হিসেবে মানিক মিয়া এভিনিউকে সম্ভাব্য স্থান হিসেবে ভাবা হচ্ছে। তবে জানাজা ও দাফনের চূড়ান্ত সময়সূচি ও স্থান পরিবারের সম্মতি এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে দেশজুড়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন স্থানে শোকসভা ও দোয়া মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শোকানুষ্ঠানসংক্রান্ত সব কর্মসূচি ও নির্দেশনা পরবর্তীতে গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।


















