আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলটির নেতাকর্মীরা।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
মনোনয়ন ফরম উত্তোলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেজাউল করিম বাদশা। তিনি বলেন, “তারেক রহমান বগুড়া সদর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন—এ প্রত্যাশা থেকেই তার পক্ষে মনোনয়ন ফরম তোলা হয়েছে। এটি বগুড়া জেলা বিএনপির জন্য অত্যন্ত গর্বের বিষয়। বগুড়া সদরের মানুষ ধানের শীষে ভোট দিয়ে তাকে সংসদে দেখতে মুখিয়ে আছেন।”
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিনিয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মো. সিরাজ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের এমপি প্রার্থী আলহাজ মোশাররফ হোসেন।
এ ছাড়া বিএনপি নেতা অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরি হিরু, এম আর ইসলাম স্বাধীন, শহিদ উন নবী সালাম, মাফতুন আহম্মেদ খান রুবেল, যুবদল নেতা আবু হাসানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।


















