সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ রবিবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বলেছেন, বর্তমানে যেসব অগ্নিসন্ত্রাস এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, তার মূল কর্তা একজনই।
তিনি আরও উল্লেখ করেছেন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা ‘আমার ফাঁসি চাই’ এবং ‘অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী’ বই দুটি পড়লেই বিষয়টি পরিষ্কার হবে। ইউটিউবে এই বইয়ের অডিও বুকও ফ্রিতে পাওয়া যাচ্ছে। সোহেল তাজ লিখেছেন, ক্ষমতার লোভ কী—১ লাখ বেলুন নাকি বাসে আগুন—এগুলোই তার প্রমাণ।
তিনি অভিযোগ করেন, গণহত্যা, গুম-খুন, জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করা, দুর্নীতি ও কোটি কোটি টাকা বিদেশে পাচারের পর, সেই একই পক্ষ আবার অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছে। এর উদ্দেশ্য, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে ধ্বংস করা এবং নির্বাচনকে বানচাল করা।
সোহেল তাজ আশ্চর্য প্রকাশ করেছেন যে, এতকিছুর পরও আওয়ামী লীগের কিছু অংশ এদের সমর্থন করে। তার মতে, এর মানে হলো যারা আগে সুবিধাভোগী ছিলেন, তাদের খেসারত দিতে হবে নিরীহ ও নিরপরাধ নেতাকর্মীদের।



















