দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বৃহস্পতিবার রাতে সংঘটিত বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দু’টির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, হামলার ঘটনায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।
টেলিফোনে আলাপকালে ড. ইউনূস বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি সংবাদমাধ্যম ও তাদের সংবাদকর্মীদের ওপর এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা তাকে গভীরভাবে মর্মাহত করেছে। তিনি বলেন, এই দুঃসময়ে সরকার গণমাধ্যমগুলোর পাশে রয়েছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, স্বাধীন গণমাধ্যমের ওপর এই হামলা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য একটি গুরুতর হুমকি। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পথকে বাধাগ্রস্ত করে।
আলোচনায় সম্পাদকদের ও সংবাদমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, খুব শিগগিরই সংশ্লিষ্ট সম্পাদকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন।



















