তারেক রহমানের আবেগঘন প্রত্যাবর্তন দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আজ ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৪ মিনিটে সপরিবারে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তিনি জুতা খুলে খালি পায়ে মাতৃভূমির মাটি স্পর্শ করেন এবং এক টুকরো মাটি হাতে তুলে নেন। স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে একটি লাল-সবুজ বাসে করে তিনি পূর্বাচলের ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’তে আয়োজিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সাথে দেখা করতে যাবেন।



















