ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি। শুক্রবার সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে শুক্রবার দুপুরে গুলি করে গুরুতরভাবে আহত করা হয়েছে। এর আগে ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাও গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিতে আহত হন। এসব সহিংস ঘটনার নিন্দা জানিয়ে যথাযথ তদন্ত ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারাদেশে প্রতিবাদ মিছিল আয়োজনের সিদ্ধান্ত নেয় দলটি।
বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে প্রতিবাদ মিছিল সফল করতে আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর বিজয় নগরের কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তার বাম কানের নিচে গুলি লাগে। তাকে ২০ মিনিট পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, হাদির অবস্থা আশঙ্কাজনক এবং তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।



















