কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী নির্বাচনে গণতন্ত্রের শক্তির বিজয় হবে, ইনশাআল্লাহ। তিনি উল্লেখ করেন, ধানের শীষ উন্নয়নের প্রতীক। তাই নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের পক্ষে সালাম পৌঁছে দিতে।
রবিবার দুপুর সাড়ে ১২টায় চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বাংলাদেশের মানুষ ১৬-১৭ বছর ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করেছে। বিএনপি সরকার গঠিত হলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করা হবে। মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর স্থাপিত হলে চকরিয়া-পেকুয়া শহরে পরিণত হবে।
তিনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, বাংলাদেশের মানুষ তাকে ‘গণতন্ত্রের মা’ হিসেবে উপাধি দিয়েছে। আগামী দিনে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা হবে, ইনশাআল্লাহ।
পথসভায় উপস্থিত ছিলেন তার সহধর্মিনী ও সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমেদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।



















