দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে। রাষ্ট্রপতি থাকাকালে নিজ ভবন সংলগ্ন এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
রোববার দুদক মহাপরিচালক আক্তার হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আবদুল হামিদ ব্যক্তিগত সুখ-সুবিধার জন্য ক্ষমতার অপব্যবহার করে নিকুঞ্জ-১ আবাসিক এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি করেছেন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
আক্তার হোসেন জানান, অভিযোগ যাচাই-বাছাই শেষে তা আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। তিনি আরও বলেন, দুদক কখনো ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না; বিষয়টি মূলত অভিযোগের বস্তুনিষ্ঠতা এবং তা কমিশনের তফসিলভুক্ত কিনা তা বিবেচনা করে।
প্রসঙ্গত, এর আগে বাংলাদেশের ইতিহাসে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকেও দুদক মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিল এবং তাকে সাজা ভোগ করতে হয়েছিল।



















