রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপকে সতর্ক করে বলেছেন, ইউরোপ যদি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে চায়, মস্কো এখনই তার জন্য প্রস্তুত। ক্রেমলিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকের আগে তিনি এই মন্তব্য করেন। খবর—রয়টার্স।
পুতিন দাবি করেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে ইউরোপ নিজেরাই নস্যাৎ করছে। শান্তি আলোচনার নামে তারা এমন শর্ত দিচ্ছে, যা রাশিয়া কোনোভাবেই মেনে নিতে পারে না। তাঁর অভিযোগ—ইউরোপ বাস্তবিক কোনো শান্তি পরিকল্পনা না দিয়ে যুদ্ধে সমর্থন দিচ্ছে এবং যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করছে।
মস্কোতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে চার ঘণ্টার বৈঠকের লক্ষ্য ছিল রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সমাধান খোঁজা। এর আগে ফ্লোরিডায় যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনার প্রথম দফা অনুষ্ঠিত হয়।
পুতিন বলেন, “আমরা যুদ্ধ চাই না। কিন্তু ইউরোপ যদি শুরু করে, আমরা প্রস্তুত।” তিনি আরও বলেন, ইউরোপীয় দেশগুলো রাশিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করেছে এবং নিজেদেরই শান্তি প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে ফেলেছে।
২০২২ সালে শুরু হওয়া রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ইতোমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী, এই যুদ্ধে দুই পক্ষ মিলিয়ে ১২ লাখের বেশি সৈন্যের প্রাণহানি ঘটেছে—যদিও রাশিয়া ও ইউক্রেন কেউই আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি।
বিডি প্রতিদিন/হিমেল



















