অনিয়ম ও দুর্নীতির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে এবং ক্ষমতায় গিয়ে দেশের কোষাগার লুট করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপি ও এর সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের সম্পদ লুণ্ঠন করেছে এবং বিদেশি সহায়তার অর্থও পাচার করা হয়েছে বলে তিনি মনে করেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ঘটনায় ফিলিপাইনে জড়িত ব্যক্তিদের বিচার হলেও বাংলাদেশে সংশ্লিষ্টদের বিচার হয়নি।
তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন পর্যায়ে ঘুষ, দুর্নীতি ও লুটপাটের কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে এসব অনিয়মের বিচার দাবি করা হলেও কার্যকর বিচার হয়নি বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি।
আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও নেতাদের বিরুদ্ধে সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, জনগণের অর্থ লুট করে দেশে-বিদেশে সম্পদ গড়ে তোলা হয়েছে।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রসঙ্গ উল্লেখ করে তিনি দাবি করেন, লন্ডন, দুবাই ও যুক্তরাষ্ট্রে তার বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে। এসব সম্পদ বাংলাদেশের জনগণের অর্থ লুট করে অর্জন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রশাসনের ভেতরেও আগের সরকারের কিছু লোক এখনো সক্রিয় রয়েছে দাবি করে স্পিকার বলেন, এ কারণে অনিয়মের প্রকৃত চিত্র জনগণের সামনে পুরোপুরি আসছে না।
‘বাংলাদেশ ভালো থাকুক চায় না ভারত’
ভারতের প্রতি ইঙ্গিত করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রতিবেশী রাষ্ট্রটি বাংলাদেশকে স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে চাপের মধ্যে রাখতে চায়। তার দাবি, বিগত আওয়ামী লীগ সরকার ১৬-১৭ বছর বাংলাদেশের মানুষের স্বার্থের পরিবর্তে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছে।
তিনি অভিযোগ করেন, ওই সময়ে এমন কিছু চুক্তি করা হয়েছে, যেগুলো বাংলাদেশের স্বার্থের পরিপন্থী। চট্টগ্রাম বন্দরে ভারতীয় জাহাজকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন।
এ ছাড়া বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহনের ক্ষেত্রে যথাযথ শুল্ক আদায় হচ্ছে না বলেও অভিযোগ করেন স্পিকার। তার ভাষ্য, এতে বাংলাদেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং দেশের অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে।
সীমান্তে প্রাণহানির প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সীমান্তে নিয়মিত মানুষ হত্যার ঘটনা ঘটছে। এ বিষয়ে সরকারের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
সভায় সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওমর আসাদ।
এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন হাওলাদার, হাসান মাকসুদুর রহমান, ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকারসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।


















