আইপিএল মানেই রানের বন্যা। প্রতি বছর এই টুর্নামেন্টে ব্যাটসম্যানরা একের পর এক রেকর্ড গড়ে তোলে। এবারের আইপিএলেও তার ব্যতিক্রম হয়নি, যেখানে ইতিমধ্যেই বহুবার দলীয়ভাবে ২০০ রানের গণ্ডি পেরিয়েছে দলগুলো।
সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ২৩১ রান করে। এটি ছিল এই আইপিএলে কোনো দলের ইনিংসে অন্তত ২০০ রান করার ৪২তম ঘটনা। আইপিএলের ইতিহাসে এর আগে কোনো এক মরসুমে এতবার দলীয়ভাবে ২০০ বা তার বেশি রান দেখা যায়নি। এবারের আইপিএল এখনও শেষ হতে ৯টি ম্যাচ বাকি। দেখার বিষয়, এই ক’টি ম্যাচে আর কতবার দলগুলো ২০০ রানের মাইলফলক স্পর্শ করে। এর আগে, গত মরসুমে ৪১ বার দলীয়ভাবে ২০০ রান হয়েছিল, যা এতদিন সর্বোচ্চ ছিল। ২০২৩ সালে ৩৭ বার এবং ২০২২ সালে ১৮ বার এই কীর্তি দেখা গিয়েছিল। আইপিএলে সবচেয়ে বেশিবার ২০০ রান করেছে গুজরাট টাইটানস।
এইবারের আইপিএলে গুজরাট টাইটানস সবচেয়ে বেশি, ৭টি ইনিংসে ২০০ বা তার বেশি রান করেছে। পাঞ্জাব কিংস ৬টি ইনিংসে এই রান তুলেছে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস ৫ বার করে এবং কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানস ৪ বার করে ২০০ রানের ক্লাবে পৌঁছেছে। বেঙ্গালুরু ৩ বার এবং চেন্নাই সুপার কিংস ও মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস দুবার করে ২০০ রান করেছে।
ইতিমধ্যেই আইপিএলের প্লে-অফের চারটি দল নিশ্চিত হয়ে গেছে। পয়েন্ট তালিকার শীর্ষে গুজরাট, দ্বিতীয় স্থানে পাঞ্জাব, তৃতীয় বেঙ্গালুরু এবং চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই।



















