বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানসহ অন্যান্য সদস্যরা প্রতিবেদন হস্তান্তর করেন।
প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জাতি দীর্ঘদিন অন্ধকারে ছিল। সত্য উদঘাটনে কমিশনের ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
কমিশন প্রধান জানান, ১৬ বছর আগের ঘটনার বহু আলামত নষ্ট হয়ে গেলেও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে তদন্ত করা হয়েছে। দীর্ঘ সময় ধরে সাক্ষ্যগ্রহণ, সংশ্লিষ্ট প্রমাণ সংগ্রহ ও পূর্ববর্তী তদন্ত রিপোর্ট বিশ্লেষণ করে বিডিআর হত্যাকাণ্ডের কাঠামো উন্মোচন করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে—ঘটনায় বহিঃশক্তির সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংশ্লিষ্টতার শক্তিশালী প্রমাণ। কমিশন সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার জানান, পরিকল্পিত হত্যাযজ্ঞে প্রধান সমন্বয়কের ভূমিকা ছিল তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের। ঘটনায় শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ থাকার অভিযোগও প্রতিবেদনে উল্লেখ আছে।
তদন্তে বলা হয়, সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার কার্যকর পদক্ষেপ না নেওয়া ছিল বড় ব্যর্থতা। পাশাপাশি কিছু গণমাধ্যম ও সাংবাদিকের অপেশাদার আচরণের কথাও উঠে এসেছে।
ভবিষ্যতে বাহিনীগুলোকে সুরক্ষিত রাখা, এ ধরনের ঘটনা প্রতিরোধ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে কমিশন বেশ কিছু সুপারিশও করেছে।
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।



















