বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য আজকের দিনটি এক ঐতিহাসিক মুহূর্ত। দেশের হকি ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের মঞ্চে খেলতে নামছে বাংলাদেশ। অনূর্ধ্ব–২১ বিশ্বকাপের ‘এফ’ গ্রুপে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে হবে লাল–সবুজের অভিষেক। ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে আয়োজিত এবারের যুব বিশ্বকাপ চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ বিকাল ৪টায় মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৩০ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ২ ডিসেম্বর ফ্রান্সের মুখোমুখি হবে দলটি। শক্তির বিচারে তিন প্রতিপক্ষই বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে। বিশেষ করে বিশ্ব হকির পরাশক্তি অস্ট্রেলিয়া। তাই জিততে না পারার আশঙ্কা থাকলেও, হকির প্রথম কোনো বিশ্বকাপে বাংলাদেশের নাম লেখানোই বড় অর্জন হিসেবে দেখছেন ক্রীড়া বিশ্লেষকরা।
তবে দেশের বাইরে টুর্নামেন্ট হওয়ায় কিংবা প্রচারের ঘাটতির কারণে ক্রীড়ামোদীদের মধ্যে বিশ্বকাপ নিয়ে তেমন উচ্ছ্বাস দেখা যাচ্ছে না। অনেকে জানেনও না যে বাংলাদেশ প্রথমবারের মতো হকি বিশ্বকাপ খেলছে। তবুও বাংলাদেশ অনূর্ধ্ব–২১ দলের এই অংশগ্রহণই হকি ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল সূচনা।
১৮ নভেম্বর ভারতে পৌঁছানোর পর প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটিয়েছে যুবারা। দুটি প্রস্তুতি ম্যাচে চিলিকে ৩–০ এবং সুইজারল্যান্ডকে ৫–২ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে নামছে দলটি। যদিও চিলি ও সুইজারল্যান্ড উন্নতমানের দল নয়, তারপরও জয়গুলো মানসিক শক্তি বাড়িয়েছে খেলোয়াড়দের।
অধিনায়ক মেহরাব হোসেন বলেন, ‘ইউরোপের দলের সঙ্গে আমাদের তেমন অভিজ্ঞতা নেই। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের পারফরম্যান্স ও মনোবল দুটিই বাড়িয়েছে।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, ‘ওরা বিশ্ব হকির পরাশক্তি। তারপরও আমরা সেরাটা দিয়ে লড়াই করব। তিন ম্যাচই কাছাকাছি সময়ে—তাই সতর্কতা ও ইনজুরি এড়িয়ে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
সহকারী কোচ মশিউর রহমান জানান, ‘তিনটি প্রতিপক্ষই আমাদের চেয়ে শক্তিশালী। তবুও আমরা প্রথম বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চাই।’ দল সুস্থ আছে, কোনো ইনজুরি সমস্যা নেই।
উল্লেখ্য, গত বছর ওমানের মাসকাটে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। এছাড়া প্রস্তুতির অংশ হিসেবে জুনিয়র দলের পাঁচ খেলোয়াড় জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে–অফ ম্যাচও খেলেছেন। ফলে মাঠের অভিজ্ঞতা নিয়েই বিশ্বকাপ অভিযানে নামছেন যুবারা।
বাংলাদেশের হকির এই নতুন অধ্যায় কতটা উজ্জ্বল হবে, এখন তা দেখার অপেক্ষা।



















