নেপালের সাম্প্রতিক আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় জাতীয় সংসদের পক্ষ থেকে শোক ও সমবেদনা প্রস্তাবের আহ্বান জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মণি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে নেপালের ভয়াবহ দুর্যোগের বিষয়টি তুলে ধরেন চিফ হুইপ।
তিনি জানান, বন্ধুপ্রতিম দেশ নেপালের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম ও মেডিকেল টিম পাঠানোর প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।
চিফ হুইপ নেপালের এই দুর্যোগে নিহতদের প্রতি গভীর শোক এবং ক্ষতিগ্রস্তদের প্রতি জাতীয় সংসদের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানানোর আহ্বান জানান।
পরে সংসদে উত্থাপিত শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নেপালের দুর্যোগে নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে এবং বিভিন্ন প্রয়াত ব্যক্তির স্মরণে সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়।
নীরবতা শেষে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।


















