বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সচিবালয় রণক্ষেত্র, উত্তাল দেশ, মাইলস্টোনে অবরুদ্ধ উপদেষ্টারা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৩, ২০২৫ ১২:৪৫ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে গতকাল (২২ জুলাই) প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় শিক্ষার্থীদের বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয়। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষে অন্তত ৭০ জন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদিকে, উত্তরায় মাইলস্টোন ক্যাম্পাসে গিয়ে প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তীব্র আন্দোলনের মুখেই শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করে নিয়েছে অন্তর্বর্তী সরকার। ঢাকার বাইরেও ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ।

সচিবালয় অবরোধ ও সংঘর্ষ: সোমবার (২১ জুলাই) উত্তরায় বিমান বিধ্বস্তের পর এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ওঠে, কিন্তু সেই ঘোষণা আসে সোমবার গভীর রাত ৩টায়। অনেক শিক্ষার্থীর কাছে খবর না পৌঁছানোয় কেন্দ্রে গিয়ে ফিরে আসতে হয়, যা ক্ষোভের জন্ম দেয়। এরপর শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরের অপসারণের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আন্দোলনের ঘোষণা দেন। গতকাল বেলা আড়াইটার দিকে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। কয়েক ঘণ্টা সচিবালয় অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। বিকাল পৌনে ৪টায় সচিবালয়ের ১ নম্বর গেট ভেঙে ভিতরে ঢুকে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিতরে থাকা গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানি গ্যাস ছোড়ে, শিক্ষার্থীরাও পাল্টা ঢিল ছোড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মিলে শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দিতে সক্ষম হন। এরপর শিক্ষার্থীরা জিরো পয়েন্টের দিকে অবস্থান নেন, যেখানে পুলিশ কয়েক দফা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। গুলিস্তান ও জিরো পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হন। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, মাইলস্টোন কলেজে লাশের মিছিল দেখেও এইচএসসি পরীক্ষা স্থগিত করতে রাত ৩টা লেগেছে, যা ‘কাণ্ডজ্ঞানহীন’ কাজ। তারা সুষ্ঠু তদন্ত ও সঠিক তথ্য প্রকাশেরও দাবি জানান। এসএসসি পরীক্ষায় অকৃতীর্ণ শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নের দাবিতেও শিক্ষার্থীদের একটি অংশ সচিবালয়ের সামনে বিক্ষোভ করে।

মাইলস্টোনে অবরুদ্ধ দুই উপদেষ্টা: দুর্ঘটনা পরিদর্শনে গিয়ে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত, অর্থাৎ প্রায় ৯ ঘণ্টা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অবরুদ্ধ ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার, সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকাল থেকেই মাইলস্টোন ক্যাম্পাসে সহস্রাধিক ছাত্রছাত্রী বিক্ষোভ শুরু করে, যেখানে আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেয়। উপদেষ্টারা দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলে তাদের ঘিরে ধরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে উপদেষ্টারা কলেজের ৫ নম্বর ভবনের কনফারেন্স কক্ষে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বেলা ১টার দিকে আসিফ নজরুল শিক্ষার্থীদের ছয় দফা দাবি সরকার মেনে নেবে বলে আশ্বাস দেন। কিন্তু শিক্ষার্থীরা সোমবার রাতে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘গায়ে হাত তোলার’ জন্য ক্ষমা চাওয়া এবং ছয় দফা মেনে নেওয়ার দৃশ্যমান পদক্ষেপ দাবি করে। বিক্ষোভকালে ছাত্ররা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। উপদেষ্টারা বের হওয়ার প্রস্তুতি নিলে বিক্ষুব্ধদের একটি অংশ ৫ নম্বর একাডেমিক ভবনের প্রধান ফটকে ইটপাটকেল মেরে ভবনের বেশ কয়েকটি কাঁচ ভাঙচুর করে। ছাত্রদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিহতদের লাশ গোপন করার চেষ্টা করছে এবং তারা নিহতদের তালিকা দাবি করে। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরায় উপদেষ্টারা বের হতে সক্ষম হন।

শিক্ষার্থীদের ৬ দফা দাবি: শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে: নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল এবং প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।

শিক্ষা সচিব প্রত্যাহার: শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই গতকাল অন্তর্বর্তী সরকার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করে নেয়। বিকালে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান। তিনি পৃথক এক পোস্টে বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির পূর্ণাঙ্গ তদন্তে শিগগির কমিটি গঠিত হচ্ছে, যা শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে গঠিত হবে। তিনি আরও বলেন, ‘ন্যায্য যেকোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।’

ঢাকার বাইরেও বিক্ষোভ: শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানী ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট, ফেনী, কুমিল্লা, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।

সর্বশেষ - অপরাধ