কার্যক্রম নিষিদ্ধ দলের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে কোনো শঙ্কা বা উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। তিনি বলেন, “ঢাকাবাসী নিজেরাই এ ধরনের তৎপরতা রুখে দেবে। ওইদিন বিপুলসংখ্যক পুলিশ সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাজধানীতে মোতায়েন থাকবেন।”
মঙ্গলবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, ঢাকার বাইরে থেকে লোকজন টাকার বিনিময়ে এসে রাজধানীতে মিছিল করে আবার ফিরে যাচ্ছে। এসব ঘটনায় অক্টোবর মাস থেকে এখন পর্যন্ত ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হেলমেট ও মাস্ক পরে ভোরবেলা কিংবা ব্যস্ত সময়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এমন ঘটনায় অপ্রাপ্তবয়স্ক ছেলেদেরও ব্যবহার করা হচ্ছে।”
ডিএমপি কমিশনারের তথ্যমতে, কার্যক্রম নিষিদ্ধ একটি দল ১ থেকে ১১ নভেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ১৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। গত দুই দিনে আরও ৯টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় ৫০ জনকে গ্রেফতার ও ১৭টি মামলা দায়ের করা হয়েছে।
তিনি জানান, গত অক্টোবর থেকে এখন পর্যন্ত নিষিদ্ধ দুটি দল ও তাদের অঙ্গসংগঠন রাজধানীতে ১৪টি ঝটিকা মিছিল করেছে, যা মূলত নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার প্রচেষ্টা।


















