যুক্তরাজ্যের জলসীমার সীমান্তে অবস্থানরত রাশিয়ান গুপ্তচর জাহাজ ‘ইয়ান্টার’ প্রথমবারের মতো রয়্যাল এয়ার ফোর্সের পাইলটদের লক্ষ্য করে লেজার ব্যবহার করেছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এই পদক্ষেপকে অত্যন্ত বিপজ্জনক ও গুরুতর হিসেবে উল্লেখ করেছেন।
ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে হিলি জানান, জাহাজটি স্কটল্যান্ডের উত্তরে অবস্থান করছে এবং চলতি বছরে এটি দ্বিতীয়বার যুক্তরাজ্যের জলসীমায় প্রবেশ করেছে। তিনি বলেন, ইয়ান্টার গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সমুদ্রের তলদেশের কেবলগুলোর মানচিত্র তৈরির জন্য ডিজাইন করা হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী সতর্কবার্তা দিয়ে বলেন, “রাশিয়া এবং পুতিন, আমরা তোমাদের দেখছি। আমরা জানি কী করছো। ইয়ান্টার যদি দক্ষিণে যায়, আমরা প্রস্তুত।”
হিলি আরও বলেন, জাহাজটি শুধুমাত্র নৌ-অপারেশন নয়, বরং যুক্তরাজ্য ও মিত্রদের সমুদ্রের তলদেশের অবকাঠামো ঝুঁকির মধ্যে ফেলতে সক্ষম। জানুয়ারি মাসেও একই জাহাজ যুক্তরাজ্যের জলসীমায় উপস্থিত হওয়ার পর সতর্কবার্তা জারি করা হয়েছিল।
সূত্র: বিবিসি



















