জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে শেখ হাসিনার রায় পরবর্তী জনপ্রতিক্রিয়া, জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি, নির্বাচনের সার্বিক প্রস্তুতি, বন্দি প্রত্যর্পণ, সাইবার ক্রাইম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।
জার্মান রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, জার্মানি ও বাংলাদেশ বহুদিনের পরীক্ষিত বন্ধু এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে তিনি আশা করেন। নির্বাচনের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে আশা করা যায়, তবে নির্দিষ্ট তারিখ ঘোষণার দায়িত্ব নির্বাচন কমিশনের।
আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের যে তারিখই নির্ধারণ করা হোক, সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। শেখ হাসিনার রায়-পরবর্তী পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে; ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো অস্থিরতা নেই। কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
অপরাধ প্রবণতা সম্পর্কে তিনি বলেন, দেশে অপরাধ বাড়ছে না; পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জনগণ এখন স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছে, যা আগের ১৫ বছরে সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) খন্দকার মো. মাহাবুবুর রহমান এবং জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আঞ্জা কেরস্টেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















