জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত ও পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার জন্য অনুরোধ জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি। সোমবার রাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন এ তথ্য একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে কিছু প্রিন্ট, ইলেকট্রনিক সংবাদমাধ্যম এবং অনলাইন নিউজ পোর্টালে দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের বক্তব্য প্রচার করা হচ্ছে। এসব বক্তব্যে সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার পাশাপাশি সরাসরি সহিংসতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কার্যকলাপ সৃষ্টির আহ্বান বা নির্দেশনা রয়েছে।
দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের বক্তব্য প্রচার সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর নিয়মাবলীর পরিপন্থী। বিশেষ করে:
- ধারা ৮(২): ডিজিটাল বা ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্য অপসারণ বা ব্লক করার ব্যবস্থা নেওয়া যাবে, যা দেশের অখণ্ডতা, নিরাপত্তা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করে, জাতিগত/ধর্মীয় বিদ্বেষ ছড়ায় বা সহিংসতার আহ্বান জানায়।
- ধারা ২৬(১): ছদ্ম পরিচয় বা অবৈধ প্রবেশের মাধ্যমে ঘৃণা, জাতিগত বিদ্বেষ বা সহিংসতা প্ররোচনাকারী বক্তব্য প্রকাশ/প্রচার করা অপরাধ।
- ধারা ২৬(২): অপরাধীদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং/অথবা সর্বোচ্চ ১০ লক্ষ টাকা জরিমানা হতে পারে।
জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি গণমাধ্যম এবং ব্যক্তির স্বাধীনতাকে সম্মান জানায়। তবে দণ্ডপ্রাপ্ত আসামিদের সহিংসতা, উসকানিমূলক বা অপরাধমূলক যেকোনো বক্তব্য প্রচার না করার জন্য গণমাধ্যমকে সতর্ক ও আইনি দায়বদ্ধতার কথা বিবেচনায় রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।



















