জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদের নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রথম দিনে চারজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জকসু নির্বাচন অফিস সূত্র জানায়, মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে ছাত্রদের উপস্থিতি কম ছিল। কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রার্থীরা নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেবেন।
উল্লেখ্য, নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১৬ ও ১৭ নভেম্বরও মনোনয়নপত্র বিতরণ চলবে। মনোনয়নপত্র দাখিল ১৭ ও ১৮ নভেম্বর, বাছাই ১৯ ও ২০ নভেম্বর এবং প্রাথমিক প্রার্থী তালিকা ২৩ নভেম্বর প্রকাশ করা হবে। ২৪ থেকে ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ডোপ টেস্ট ২৭ ও ৩০ নভেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা ৩ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহার ৪, ৭ ও ৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা ৯ থেকে ১৯ ডিসেম্বর চলবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। নির্বাচনের দিনেই ভোট গণনা হবে এবং ২২-২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।



















