বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির সরকারি আদেশ প্রত্যাখ্যান করে নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
আজ সোমবার (২০ অক্টোবর) আমরণ অনশনের পাশাপাশি শহীদ মিনারে বৃহত্তর শিক্ষক সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকদের আগমন বাড়ছে।
রবিবার সন্ধ্যায় আন্দোলনরত সংগঠনগুলোর মোর্চা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ কর্মসূচির ঘোষণা দেন। সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,
“সকাল ১০টায় আজকের শিক্ষক সমাবেশে শহীদ মিনারে দলে দলে যোগ দিন।”
এর আগে গতকাল শিক্ষক নেতা আজিজী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলোচনার পর জানান,
“বিএনপির মহাসচিব আমাদের দাবি নিয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং আগামী ২২ অক্টোবর শিক্ষকদের মাঝে উপস্থিত হবেন বলে জানিয়েছেন।”
শিক্ষক নেতা আজিজী আরও জানান, আমরণ অনশন ও কর্মবিরতি কর্মসূচি চলবে।
উল্লেখ্য, তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর থেকে আন্দোলন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের দাবিগুলো হলো—
১️⃣ মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা,
২️⃣ চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা,
৩️⃣ উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা।
গতকাল অর্থ মন্ত্রণালয় শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বৃদ্ধির আদেশ জারি করলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। পরে বিকেল পৌনে ৪টায় আন্দোলনরত শিক্ষকরা ‘ভুখা মিছিল’ নিয়ে শিক্ষা ভবনের দিকে যাত্রা করলে পুলিশ হাইকোর্টের মাজার গেটে তাদের আটকে দেয়। বিকেল পৌনে ৫টায় তারা পুনরায় শহীদ মিনারে ফিরে অবস্থান নেন।



















