মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে আসায় আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে উজানে ভারতের অংশেও বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। এতে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি হ্রাস পেয়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পাউবোর এক বিশেষ বার্তায় জানানো হয়, ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত ভারি বৃষ্টির কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি দ্রুত বেড়ে নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছিল। বর্তমানে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে থাকলেও ক্রমান্বয়ে তা কমছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত নদীগুলোর পানির প্রবণতা নিম্নমুখী থাকবে বলেও জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হালকা হবে। সিলেট বিভাগে কিছুটা বেশি বৃষ্টি থাকতে পারে, তবে শুক্রবারের পর থেকে সারাদেশেই আবহাওয়া আরও স্বাভাবিক হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “বৃষ্টি কমে যাওয়ায় সামান্য গরমের অনুভূতি বাড়তে পারে, তবে বন্যার পানি নামতে শুরু করবে।”
এদিকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে বৃষ্টির পরিমাণও কমেছে। সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩৬ মিলিমিটার, পটুয়াখালীর খেপুপাড়ায় ৬০ মিলিমিটার এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫৮ মিলিমিটার। ঢাকায় বৃষ্টি হয়েছে মাত্র ৩ মিলিমিটার।



















