আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বহু স্থানে এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উল্লিখিত চার বিভাগে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
রবিবার থেকে বুধবার পর্যন্ত পর্যায়ক্রমে রংপুর, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা কখনো সামান্য বাড়বে, আবার কখনো কমতে পারে; তবে রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না।
মঙ্গলবার ও বুধবারের দিকে এসে ঢাকাসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়তে পারে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থার কারণে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে নদ-নদীর পানি বৃদ্ধি এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতার ঝুঁকিও থেকে যাচ্ছে।



















