ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ. গতকাল শনিবার সন্ধ্যায় হামলার ঘটনার পর রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ এই আন্তরিক দুঃখ প্রকাশ করে. উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা ছয় নবজাতক মারা যাওয়ার পর থেকে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে.
বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ, র্যাবসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ হাসপাতাল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে. বিভিন্ন কর্তৃপক্ষের অব্যাহত পরিদর্শন এবং বিপুলসংখ্যক সংবাদকর্মীর উপস্থিতির কারণে হাসপাতালের সেবাদানকারী কর্মীরা গত কয়েক দিন ধরে চরম মানসিক চাপের মধ্যে দায়িত্ব পালন করছেন, যার ফলে হাসপাতালে ভর্তি থাকা সাধারণ রোগী ও বিভিন্ন সেবা নিতে আসা ব্যক্তিদেরও নানামুখী অসুবিধার মুখে পড়তে হচ্ছে.
শনিবার স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে হাসপাতাল পরিদর্শনে যান. মন্ত্রীর হাসপাতাল ত্যাগের পর বিপুলসংখ্যক সাংবাদিক একসঙ্গে হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে, চিকিৎসাধীন রোগীদের সার্বিক স্বার্থ ও স্বস্তি বিবেচনা করে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ভেতরে প্রবেশ করা থেকে বিরত রাখার চেষ্টা করে. আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সেই সময় হাসপাতালের কর্মীদের সঙ্গে সাংবাদিকদের কথোপকথনের একপর্যায়ে একজন সাংবাদিক সেখানকার পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঝাড়ুদার’ বলে সম্বোধন করেন. এতে উপস্থিত কর্মীরা চরম অপমানিত বোধ করেন এবং উত্তেজিত হয়ে সাংবাদিকদের তাৎক্ষণিকভাবে হাসপাতাল ত্যাগের অনুরোধ জানান.
সে সময় উপস্থিত হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উত্তেজিত কর্মীদের নিবৃত্ত করতে যথাযথ উদ্যোগ নিয়েছিলেন বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়. আদ্-দ্বীন হাসপাতাল আরও জানায়, তারা সব সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে একটি সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেই কাজ করে আসছে. তারপরও ৩০ মে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং হাসপাতালের কর্মীদের এই অনিচ্ছাকৃত আচরণে গণমাধ্যমকর্মীদের মনে কোনো কষ্টের সৃষ্টি হয়ে থাকলে তারা বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা প্রকাশ করেছে.



















