শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি রাষ্ট্রপতির বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ৫ আগস্ট ২০২৪-এর ঘটনাপ্রবাহ নিয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই গোপন করেছেন। জামায়াত আমির দাবি করেন, সেদিন পদত্যাগকারী প্রধানমন্ত্রীর বিষয়ে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দকে রাষ্ট্রপতি যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা জানিয়েছিলেন, বর্তমান সাক্ষাৎকারে তিনি তা অস্বীকার করছেন। ডা. শফিকুর রহমানের মতে, রাষ্ট্রপতি এখন যা বলছেন, সেই দিন তার কিছুই বলেননি।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন যে, কোটি কোটি মানুষ সেদিন যা শুনেছে এবং রাষ্ট্রপতির বর্তমান বক্তব্যের মধ্যে যে বৈপরীত্য রয়েছে, তার হিসাব মেলাবার দায়িত্ব খোদ রাষ্ট্রপতিরই। তিনি স্পষ্টভাবে বলেন, “জাতি অবুঝ নয়; রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।” উল্লেখ্য, ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর বঙ্গভবনে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে ডা. শফিকুর রহমান নিজেও উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।


















