রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) সিলিন্দায় অবস্থিত ২০৫ বিঘা আয়তনের ক্যাম্পাস এলাকা থেকে উজাড় হয়ে গেছে এক হাজারেরও বেশি গাছ। বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, ক্যাম্পাসজুড়ে প্রায় সাড়ে ৫ হাজার গাছ ছিল। দরপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, গত এক মাসে ব্যাপক হারে আম ও মেহগনিসহ শত শত গাছ কেটে ফাঁকা করা হয়েছে জায়গার বড় অংশ। অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা ও বালু ভরাট কাজে নিয়োজিত হোসাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড-এর যোগসাজশে গাছগুলো বিক্রি করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়।
যদিও প্রতিষ্ঠানের স্থানীয় ব্যবস্থাপক দেলোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তারা কেবল বালুভরাটের কাজ করছেন, গাছ কাটার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঠিকাদার পক্ষের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে এবং এজন্য প্রতিষ্ঠানটিকে শোকজ করা হয়েছে।
প্রকল্প পরিচালক প্রকৌশলী সিরাজুম মুনীর বলেন, “গাছ কাটা আমাদের পক্ষ থেকে হয়নি। বেআইনিভাবে ঠিকাদারের পক্ষ থেকে এ কাজ করা হয়েছে। তাদের শোকজ করা হয়েছে এবং জবাব যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
এ ঘটনায় ক্যাম্পাস এলাকায় তোলপাড় শুরু হয়েছে। স্থানীয় সূত্র বলছে, প্রায় ১০ মাস আগে থেকে ধীরে ধীরে গাছ কাটা হচ্ছিল, তবে সম্প্রতি একসঙ্গে প্রচুর গাছ নিখোঁজ হওয়ায় বিষয়টি আলোচনায় আসে।



















