২০১৪ সালে শেষবার বইয়ে দেখা গিয়েছিল প্রিয় গোয়েন্দা চরিত্র ‘মিতিন মাসি’। ২০১৫ সালে চরিত্রের স্রষ্টা সুচিত্রা ভট্টাচার্যের প্রয়াণের পর দীর্ঘ বিরতি হয়। ২০১৯ সালে পরিচালক অরিন্দম শীল মিতিনকে পর্দায় ফিরিয়ে আনেন এবং কোয়েল মল্লিকের অভিনয়ে চরিত্রটি নতুনভাবে জনপ্রিয়তা পায়। ২০২৩ সালে মুক্তি পায় দ্বিতীয় ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’।
এবার বড়দিনে মুক্তি পাচ্ছে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘মিতিন, একটি খুনির সন্ধানে’। ছবিতে কোয়েলের লুক ইতিমধ্যেই চর্চিত—চওড়া ফ্রেমের চশমা, খোলা চুল, দৃঢ় দৃষ্টি এবং হাতে রিভলভার। ট্রিগারে প্রস্তুত আঙুলে তিনি নেমেছেন রহস্যের খোঁজে। নতুন ছবিতে থাকবে টানটান উত্তেজনা ও জোরদার অ্যাকশন সিকোয়েন্স।
শুটিংয়ের সময় একটি অ্যাকশন দৃশ্যে আহত হন কোয়েল। শারীরিক সুস্থতার পর আবার সেটে ফেরেন তিনি। কোয়েলের সঙ্গে ছবিতে অভিনয় করেছেন শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, দুলাল লাহিড়িসহ টলিউডের পরিচিত শিল্পীরা।
এই বড়দিনে একসঙ্গে তিনটি বাংলা ছবি মুক্তি পাচ্ছে। উৎসবের মৌসুমে একাধিক ছবির সংঘর্ষ থাকলেও দর্শকের আগ্রহে বক্স অফিসের উত্তেজনা আরও বাড়বে।


















