মালয়েশিয়ায় নিযুক্ত অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি দারুণ সুখবর দিয়েছেন। মঙ্গলবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি ঘোষণা করেন যে, মালয়েশিয়া সরকার এখন থেকে বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করবে। এই খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
ভিডিও বার্তায় ড. আসিফ নজরুল জানান, “মালয়েশিয়া প্রবাসী আমাদের যে বাংলাদেশি ভাই বোনরা আছেন, আপনাদের জন্য একটা খুব বড় সুখবর আছে। আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়েছেন, তবুও আবার কনফার্ম করছি। মালয়েশিয়াতে যারা বাংলাদেশের আমাদের শ্রমিক ভাই-বোনেরা আছেন, তাদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে এই ঘোষণা দিয়েছে। এটা অফিশিয়ালি কনফার্ম করা হয়েছে।”
তিনি আরও বলেন, গত মে মাসে মালয়েশিয়া সফরে থাকাকালীন তিনি এবং তার প্রতিনিধি দল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন। সেই বৈঠকে বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হয়েছিল। ড. আসিফ নজরুল জানান, তারা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে বোঝাতে সক্ষম হন যে, অন্য কোনো দেশের শ্রমিকদের ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি ভিসার ব্যবস্থা নেই, কেবল বাংলাদেশের ক্ষেত্রেই এই বৈষম্যমূলক ব্যবস্থা বিদ্যমান। বিষয়টি শুনে স্বরাষ্ট্রমন্ত্রী অবাক হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এর কারণ জানতে চান। কর্মকর্তারাও এই বৈষম্যের বিষয়টি নিশ্চিত করেন। এর পরপরই মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এটি পরিবর্তনের নির্দেশ দেন।
ড. আসিফ নজরুল জানান, এরপর তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে এই সিদ্ধান্ত কার্যকর হবে। অবশেষে, মালয়েশিয়া সরকার এখন থেকে বাংলাদেশি শ্রমিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে বলে নিশ্চিত করা হয়েছে।
ভবিষ্যতের জন্য আরও আশার কথা শুনিয়ে তিনি বলেন, “মালয়েশিয়ার ব্যাপারে ইনশাআল্লাহ আরো কিছু গুড নিউজ আমরা অচিরেই দিতে পারবো। আমাদের অলরেডি একটা প্রতিনিধি দল মালয়েশিয়াতে আছে। সামনের মাসে আরও বড় পর্যায়ে একটা সফর হওয়ার কথা আছে। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত আরো কিছু গুড নিউজ আপনাদেরকে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।”



















