পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন হাজিরা সৌদি আরব থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হয়েছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট, যা ১০ জুলাই পর্যন্ত চলবে।
মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরজ তাওয়াফ সম্পন্ন করে হাজিরা এখন মিনায় ফিরছেন। ফেরার পথে অনেকে পথ হারিয়ে মক্কার হজ মিশনে আশ্রয় নিয়েছেন।
জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন, যার মধ্যে ১৯ জন হজ যাত্রী মৃত্যুবরণ করেছেন। চলতি হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে এবং ৪৬২ জনকে আইন ভঙ্গের দায়ে গ্রেপ্তার করেছে।
এদিকে, চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৮৮ জন বাংলাদেশি চিকিৎসা নিয়েছেন। এছাড়া, ১৯ জন বাংলাদেশি বর্তমানে দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
উল্লেখ্য, এবার হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ৩১ মে।



















