ভেনেজুয়েলার উপকূল থেকে বিশালাকৃতির একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১০ ডিসেম্বর) সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির কয়েকজন সরকারি কর্মকর্তাও জাহাজ জব্দের সত্যতা নিশ্চিত করেছেন।
তারা জানান, বুধবার বিকেলে জাহাজটির নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। তবে কোন ট্যাংকারটি জব্দ করা হয়েছে, এতে জ্বালানি ছিল কি না, কোথা থেকে এসেছে বা কোথায় যাচ্ছিল— এসব বিষয়ে কিছুই জানায়নি প্রশাসন। ট্রাম্পও জাহাজটির নাম প্রকাশ করেননি।
হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমরা মাত্রই ভেনেজুয়েলা উপকূলে একটি বিশাল ট্যাংকার জব্দ করেছি— খুবই বড়, জব্দকৃত ট্যাংকারগুলোর মধ্যে সবচেয়ে বড়।” তিনি আরও জানান, জাহাজ জব্দের পাশাপাশি আরও কিছু কার্যক্রম চলছে, যা পরে প্রকাশ করা হবে।
ট্রাম্প জানিয়েছেন, ট্যাংকারে থাকা তেল যুক্তরাষ্ট্র নিজেদের নিয়ন্ত্রণে রাখবে।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক্স–এ জানান, এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি, কোস্ট গার্ড ও সামরিক সহায়তায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত ভেনেজুয়েলা ও ইরানের তেলবাহী একটি ট্যাংকার জব্দ করা হয়েছে। তিনি ৪৫ সেকেন্ডের একটি ভিডিওও প্রকাশ করেন— যেখানে দেখা যায়, দুটি হেলিকপ্টার জাহাজের কাছে পৌঁছে এবং সেনারা রশি বেয়ে ট্যাংকারটিতে নামছেন।

















