শুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ

Spread the love

পাবনার সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের মধ্যে কিশোর ও তরুণের সংখ্যাই বেশি।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে কয়েকজন কিশোর ও যুবক সোনাপাতি বিলে মাছ ধরতে যান। বিকেলের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তাঁরা বিলের মাঝখানে পলিথিন দিয়ে ঢাকা একটি টং ঘরে আশ্রয় নেন। বিকেল সাড়ে ৫টার দিকে ওই ঘরে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। এ সময় আরও কয়েকজন আহত হন।

এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনার পর বেশ কিছুক্ষণ হতাহত ব্যক্তিরা বিলের টং ঘরেই পড়ে ছিলেন। সন্ধ্যার দিকে স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বাবু জানান, বৃষ্টি ও বজ্রপাত থেকে বাঁচতে তাঁরা পলিথিনে ঘেরা মাচাং ঘরে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে নিহতদের শরীর মারাত্মকভাবে ঝলসে যায়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই দুর্গম ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - অপরাধ